সাম্প্রতিক
Skip to content

বেসরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবমে পরীক্ষা

ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে দিতে হবে লিখিত পরীক্ষা। এ ছাড়া ঢাকার বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে। এতে ভর্তির পদ্ধতি, আসন সংরক্ষণ এবং ভর্তি পরীক্ষার নম্বর ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। একই সঙ্গে নির্বাচিত শিক্ষার্থীদের সমসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার নম্বর ও সময়সূচি
নীতিমালায় শ্রেণিভেদে ভর্তি পরীক্ষার নম্বর ও সময় নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

অন্যদিকে, চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘণ্টা।

ঢাকার বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণের বিধানও রাখা হয়েছে।

এনএনবাংলা/