রাজধানীতে নিরাপত্তা জোরদার, পুলিশি টহল; সন্দেহভাজন যানবাহনে তল্লাশি

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপি জানায়, অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষা এবং নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
এনএনবাংলা/

