সাম্প্রতিক
Skip to content

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী উল্লেখযোগ্য জনস্বাস্থ্য সমস্যা ডায়াবেটিস। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কেবল গ্লুকোজের সমস্যায় ভোগেন না, তারা দীর্ঘমেয়াদি নানা রোগের জটিলতায় ভোগেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়—যার মধ্যে হূদেরাগ, কিডনি, চোখ, মস্তিষ্ক, স্নায়ু এবং রক্তনালির জটিলতা দেখা দেয়। এসব জটিলতার কারণে আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যায় এবং চিকিত্সার ব্যয় বহুগুণে বাড়ে। আমাদের দেশে ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস রোগী, যাদের অর্ধেকই নারী। আক্রান্ত রোগীদের অর্ধেকেই জানেন না—তারা ডায়াবেটিসে আক্রান্ত। অথচ সচেতনতা এবং জীবনযাপনের পরিবর্তনে মাধ্যমে ৭০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ হূদেরাগে আক্রান্ত হন, ৩৪ শতাংশ দৃষ্টি হারানোর ঝুঁকিতে থাকেন এবং ৩৪ শতাংশ কিডনি রোগে আক্রান্ত হন, স্নায়ুরোগে আক্রান্ত হন প্রায় ৩০ থেকে ৩৬ শতাংশ, রোটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন ২৫ শতাংশ ডায়বেটিস রোগী।

ডায়াবেটিস সচেতনতা : অতিরিক্ত ফাস্টফুড, চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে, স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলেন, তাহলে ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে বছরে অন্তত দুই বার ডায়াবেটিস পরীক্ষা করা, দ্রুত ডায়াবেটিস শনাক্ত করা এবং দ্রুত চিকিত্সা শুরু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস একটা মহামারি হিসেবে চিহ্নিত হয়েছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন। মানুষকে সচেতন করতে প্রতিবছর ২০০৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ডায়াবেটিস দুই ধরনের হয়। টাইপ-১ ও টাইপ-২। টাইপ ওয়ানে আক্রান্ত রোগীদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। তারা ইনসুলিন ছাড়া বাঁচতে পারে না। ফলে এই ইনসুলিনের ব্যবস্থাটা সরকারের করে দেওয়া দরকার। তিনি বলেন, এই রোগ উন্নত দেশের চেয়ে উন্নয়নশীল দেশে বেশি। তাই ডায়াবেটিসের উপসর্গ দেখা দেওয়ার আগে পরীক্ষা করে জানতে হবে। তিনি বলেন, মানুষের জীবনযাপনের পদ্ধতির বদল হয়েছে। আমাদের দেশে এখন স্বামী-স্ত্রী দুজনেই বাইরে কাজ করেন, ফলে বাচ্চাকে বা নিজেদের ঘরে তৈরি খাবার খাওয়া কমে গেছে। বাচ্চা-বড় সবাই ফাস্টফুডে আসক্ত হচ্ছে।

দেশের এমন পরিস্থিতিতে আজ ১৪ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে—‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

বিনা মূল্যে ডায়াবেটিস সেবা : দিবসটি উপলক্ষ্যে দেশে ডায়াবেটিস-সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট, স্টিকার বিতরণ ছাড়াও আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগস্থ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত রোড শো (প্ল্যাকার্ড হাতে সড়কের এক পাশে অবস্থান কর্মসূচি)-এর আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিত্সক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং বেলা ১২টা ৩০ মিনিটে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—১৪ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিআইএইচএস ও এনএইচএন-এর আওতাধীন বিভিন্ন কেন্দ্রে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বারডেমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালও হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রেডিও-টিভির মাধ্যমেও বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনএনবাংলা/এনজেড