লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
যুক্তরাজ্যের লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন তারা। অনুষ্ঠান শেষে মেফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষ থামাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনাসভা ঘিরেও তাকে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম এ ঘটনার জন্য ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীদের’ দায়ী করেন। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এনএনবাংলা/এফএস

