নয় দিনে ৫১ স্থানে হাতবোমা বিস্ফোরণ, ৪৫ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৫৫

দেশের বিভিন্ন স্থানে গত নয় দিনে ৫১টি হাতবোমা বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা করেছে পুলিশ। পাশাপাশি ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব নাশকতার ঘটনা ঘটে। হাতবোমা বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব নাশকতা প্রতিরোধে দেশের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৈঠকে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের তল্লাশিচৌকি ও টহল জোরদার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, তল্লাশিচৌকি স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অরাজক পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
এনএনবাংলা/

