রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত, পরীক্ষামূলক গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হবে কেন্দ্রটি। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রটি আবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে নিরাপত্তা ও কারিগরি বিষয় বিবেচনায় সময়সূচি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
এর আগে গত রোববার প্রথম ইউনিট গ্রিডে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হলেও কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে না থাকায় তা পিছিয়ে যায়। পরে কম্পন সহনীয় পর্যায়ে আসায় নতুন করে সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে। অন্যদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
ধাপে ধাপে বাড়বে বিদ্যুৎ উৎপাদন
প্রথম ইউনিটটি প্রাথমিকভাবে ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০ শতাংশে নেওয়া হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এরপর বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণ সক্ষমতায় যেতে সাত থেকে আট মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহ সফল হলে শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
বিদ্যুৎ সরবরাহ শুরুর আনুষ্ঠানিক আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুই ইউনিটে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৬০ মেগাওয়াট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের বিদ্যুৎ বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও চলমান। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করা হতে পারে। দুটি ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদনে নতুন বড় উৎস যুক্ত হওয়ার পাশাপাশি তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত প্রকল্পটির বর্তমান প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। দুই দফায় মেয়াদ বাড়িয়ে প্রকল্পের সময়সীমা ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার হিসাবে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে।
প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু হয় গত ১১ অক্টোবর। এর আগে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় কার্যক্রম পিছিয়ে যায়। ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে রিঅ্যাক্টর চালু করা হয়।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে যুক্ত হবে নতুন প্রযুক্তিনির্ভর একটি গুরুত্বপূর্ণ উৎপাদন উৎস।
এনএনবাংলা/

