সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

ছবি: ভিডিও থেকে নেওয়া

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সঙ্গে কোনো শর্ত বা প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের আলোচনা হয়নি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতাতেই তাকে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়ার কথা বলা হয়। শর্ত দুটি হলো—শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া এবং তার বিচারপ্রক্রিয়া পুনরায় শুরু করা। এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আইনে এ ধরনের শর্তের কোনো ভিত্তি নেই। ভারতের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত ওই শর্তের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে। পাশাপাশি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির আইনি ও কারিগরি দিকগুলো পর্যালোচনা করছে।

তিনি বলেন, অন্য যেকোনো অভিযুক্ত ব্যক্তির মতো শেখ হাসিনাকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত, যাতে তিনি তার সাজা ভোগ করতে পারেন।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার অধিকার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, শুধু বাংলাদেশের নাগরিক হলেই কেউ পাসপোর্ট পাওয়ার অধিকারী হন না। প্রচলিত আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধী কিংবা গুরুতর মামলার মুখোমুখি থাকা ব্যক্তিদের পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক শুধু শেখ হাসিনার ইস্যুতে সীমাবদ্ধ নয়। প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় রয়েছে, যেগুলো কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান করা প্রয়োজন।

তিনি বলেন, এই ইস্যুটিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। দুই দেশের মধ্যে যেসব সমস্যা রয়েছে, সেগুলো কূটনীতির মাধ্যমেই সমাধান করা হবে।

এনএনবাংলা/