৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না: ভিসি আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
এদিকে আন্দোলনকারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, ৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান উপাচার্য। সেখানে তিনি লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না।’
সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ টেনে উপাচার্য আরও লেখেন, বিশ্ববিদ্যালয়টির সংস্কার প্রয়োজন এবং এ লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কাজ করতে দিলে করবেন, না দিলে করবেন না। তবে উল্টাপাল্টা কথা বলে, স্টোরি তৈরি করে কিংবা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না।
আন্দোলনকারীদের ঘেরাও কর্মসূচির বিষয়ে তিনি লেখেন, ‘৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’
জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এ আন্দোলন করছেন। সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।
একপর্যায়ে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং ক্যাম্পাসজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়।
এনএনবাংলা/

