ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার মুসলিমরা

ভারতের ভোটার তালিকা সংশোধনের পর নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন দেশটির মুসলিম নাগরিকদের একাংশ। পরিবারের অন্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও অনেকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে কর্তৃপক্ষ। এতে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে নাগরিকত্ব হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন বেশ কয়েকটি ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, বাদ পড়াদের মধ্যে মুসলমানদের অনুপাত তুলনামূলক বেশি।
মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়ে গত ১৯ জুলাই নিখোঁজ হন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। তিন মাসের বেশি সময় পর তার অবস্থান মেলে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে। সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কর্মকর্তারা তাকে আটক করে মোবাইল ফোন কেড়ে নেন এবং পরে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেন। এতে স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।
রয়টার্সের সঙ্গে কথা বলা সাহিদার পরিবারের দাবি, তার বাবা-মা ও দাদা-দাদির নাম ভারতের ভোটার তালিকায় ছিল। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল। তার স্বামী জুম্মান এখন তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই করছেন। গত আগস্টে সাহিদার পরিবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করে জানায়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া দিয়ে নাগরিকত্ব নির্ধারণ করা যায় না।
রয়টার্স জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের উদ্যোগটি অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অথচ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কেউ বিদেশি নাগরিক হয়ে যান না।
পশ্চিমবঙ্গে এ সংশোধন কার্যক্রম সবচেয়ে ব্যাপকভাবে চালানো হয়েছে। রাজ্যটিতে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিস্তারিত যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলমান। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।
এদিকে, ভোটার তালিকা সংশোধন ও অবৈধ অভিবাসী বহিষ্কারের বিষয়টি একই সূত্রে যুক্ত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরে তাদের দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ছত্তিশগড়েও ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকজনকে আটক করা হয়েছে। বাসনপত্র বিক্রেতা নাসিরউদ্দিন শেখের অভিযোগ, কাজের জন্য ছত্তিশগড়ে অবস্থানকালে পুলিশ তাকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। পরে সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় ১৯ জন মুক্তি পেলেও নাসিরউদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক থাকতে হয়।
নাসিরউদ্দিনের ভাষ্য, এক পুলিশ সদস্য তাকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি বাংলাদেশি।’ পরে আদালতে শুনানির আগের রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে, মানবাধিকারকর্মীরা বলছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় লাখ লাখ মামলা হয়েছে। কিন্তু ট্রাইব্যুনালগুলোতে বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলায় ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন।
ভারতের বিজেপি সরকার অবশ্য বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে রয়টার্স ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পায়নি।
এনএনবাংলা/

