সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

জাতীয় রেল দিবস আজ, রেল যোগাযোগব্যবস্থা উন্নয়নে নানা উদ্যোগ

ছবিঃ সংগৃহীত

আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। দেশের যোগাযোগব্যবস্থায় রেলওয়ের ঐতিহাসিক অবদান স্মরণ এবং নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটি পালিত হচ্ছে।

রেলওয়ের অবকাঠামো সম্প্রসারণ, নতুন রেললাইন নির্মাণ, আধুনিক ইঞ্জিন ও কোচ সংগ্রহ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সব জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেলযাত্রার সূচনা হয়। প্রায় ৫৩ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের ঐতিহাসিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে ২০২০ সাল থেকে ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বর্তমান সরকার রেলওয়েকে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গণপরিবহন হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ৫ হাজার ৪৪০ কোটি টাকা।

সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেললাইন, বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ এবং শেরপুর ও রৌমারী পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি চৌমুহনী থেকে লক্ষ্মীপুর, ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর এবং সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন ইঞ্জিন সংগ্রহেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদিত প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২৬০টি নতুন ব্রডগেজ কোচ সংগ্রহ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রস্তুতি, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা স্থাপন এবং রেলওয়ের ওয়ার্কশপগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর আধুনিকায়ন, নারী যাত্রীদের জন্য পৃথক সুযোগ-সুবিধা, ব্রেস্টফিডিং কর্নার এবং যাত্রীসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও কাজ চলছে।

অন্যদিকে পদ্মা সেতু রেল সংযোগ, যমুনা রেলসেতু, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর অংশে ডুয়েলগেজ লাইন নির্মাণ, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ সম্প্রসারণ এবং বিভিন্ন অঞ্চলের রেললাইন পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

তবে রেলওয়ের উন্নয়নে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ। পুরোনো রেললাইন ও ইঞ্জিন, জনবলসংকট, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, সময়মতো ট্রেন চলাচল এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দূর করা জরুরি। একই সঙ্গে যাত্রীসেবার মান বৃদ্ধি, রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্য পরিবহনে রেলের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিতভাবে রেল অবকাঠামো উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় রেলওয়ের অবদান আরও বাড়বে। সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবহন ব্যয় ও পরিবেশদূষণ কমাতেও রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতীয় রেল দিবসে প্রত্যাশা, চলমান উন্নয়ন উদ্যোগগুলো যথাসময়ে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে হয়ে উঠবে আরও আধুনিক, নিরাপদ, গতিশীল ও জনবান্ধব। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য রেল যোগাযোগ নিশ্চিত করাই দিবসটির অঙ্গীকার।

এনএনবাংলা/ইএস