ইতিহাসে প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

বিশ্ব রাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন শীর্ষ নেতার একসঙ্গে উপস্থিতি। ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার রাতে চীনের শেনজেন শহরে এক অনুষ্ঠানে তাঁদের করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জমকালো নৈশভোজের আগে লালগালিচায় পাশাপাশি দাঁড়িয়েছেন তিন নেতা। পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এ সময় তাঁদের পাশে ছিলেন শি জিনপিং ও তাঁর স্ত্রী।
ভিডিওতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি জিনপিং ও তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প ও পুতিন প্রথমে করমর্দন করেন, পরে একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সরাসরি সাক্ষাৎ হয়নি। দীর্ঘ বিরতির পর তাঁদের এই সাক্ষাতে উষ্ণ অভিবাদনের দৃশ্য দেখা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তিন নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই বৈঠককে ঘিরে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে শেনজেনের রানওয়েতে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের এভাবে স্বাগত জানানোর ঘটনা বেশ বিরল। অন্যদিকে, পুতিনকে চীনে স্বাগত জানিয়ে শি তাঁকে ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেন।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন। এই সম্মেলনকে কেন্দ্র করেই বিশ্বের প্রভাবশালী নেতারা সেখানে জড়ো হয়েছেন।
চীনে যাওয়ার আগে ফিলিপাইন সফর করেন ট্রাম্প। সেখানে আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেন তিনি। ওই সম্মেলনের একটি ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ট্রাম্পকে দেখা যায়।
এনএনবাংলা/

