ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জামায়াতের

সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সহিংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হবে।
এ সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেন জামায়াতের এই নেতা। তিনি জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। এ ছাড়া ডিসেম্বরজুড়ে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি পালন করবে দলটি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে দেশে রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের ওপর আর আস্থা রাখতে পারছে না।
তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের চলমান আন্দোলন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই সরকার নিষিদ্ধ আওয়ামী লীগকে মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দিচ্ছে।
সরকারের ভূমিকার সমালোচনা করে গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
এনএনবাংলা/

