মিরপুরে সন্ধ্যায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা ছত্রভঙ্গ করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকরা সড়কে নামলে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
এর আগে একই দিন সকালে মিরপুর-১৪ নম্বর এলাকায় এবং দুপুরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান নাছের সন্ধ্যায় বলেন, কিছুক্ষণ আগে শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুলিশ শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়। পরে কয়েকজন শ্রমিক আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের ঘটনায় পুলিশ শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছিল।
ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হাসান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। ওই সময় সড়কে ৪০০ থেকে ৫০০ শ্রমিক থাকতে পারেন বলে জানান তিনি।
এদিকে বুধবার সকালেও মিরপুরের কাফরুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার এম/১৬ ঠিকানায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন।
অভিযোগ রয়েছে, এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন।
এ সময় আন্দোলনকারী শ্রমিকরা স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সার্বিক পরিস্থিতি নিয়ে উপকমিশনার হাসান নাছের বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। পরে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।
এনএনবাংলা/

