ইরানকে ট্রাম্পের নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার সম্ভাবনা নিয়ে নতুন গোয়েন্দা তথ্য প্রকাশের পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো ধরনের হামলা হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটন ডিসি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না। জবাবে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা পাগলাটে আচরণ করে। এ কারণেই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।’
এর আগে সোমবার সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। এ ধরনের হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ডার্টি বোমা মূলত প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি এক ধরনের বিস্ফোরক। এটি পারমাণবিক বোমার মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটায় না। তবে বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিয়ে ব্যাপক দূষণ, জনমনে আতঙ্ক এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
তবে ওয়াশিংটনে সম্ভাব্য হামলার বিষয়ে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা গোয়েন্দা তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এ ধরনের হামলার পরিকল্পনায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে তেহরানের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/

