সাম্প্রতিক
অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি যশোর-নড়াইলে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ চালকসহ আহত ২ ‘আমার ভাইরে তাজা আইনে দাও, আমি এর বিচার চাই’—নড়াইলে নিহত বিএনপি নেতার বোনের আর্তনাদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ডেঙ্গু কেড়ে নিল ২ প্রাণ মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার ভয়াবহ প্রমাণ পেয়েছে আইসিজে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
Skip to content

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-অ’গ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ছবি: সংগৃহীত

দেশজুড়ে দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে গ্রামীণ ব্যাংক। গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঠানো চিঠিতে হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় এসব হামলার ঘটনা ঘটে। কোথাও পেট্রোল বোমা ও আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, পাসবই, আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটও হয়েছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ জানান, বিভিন্ন স্থানে একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। দারিদ্র্যপীড়িত মানুষের ক্ষুদ্রঋণ কার্যক্রম সচল রাখতে ব্যাংকের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেরপুর, কক্সবাজার, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, চট্টগ্রাম, পাবনা, গোপালগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলার শাখা ও কার্যালয়ে হামলা হয়েছে। টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় দুই দফা হামলায় অফিসের প্রায় সবকিছু পুড়ে যায়। ওই ঘটনায় মামলা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত এক পুলিশ উপপরিদর্শক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ব্যাংক সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর রাতেও নরসিংদী, ফরিদপুর, গাজীপুর, যশোর, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, পাবনা, খুলনা, নেত্রকোনা, হবিগঞ্জ, গাইবান্ধা, ঝিনাইদহ ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার শাখায় হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

ইতোমধ্যে কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়েছে। কিছু ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ৭২টি শাখা ও কার্যালয়ের ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

চিঠিতে ব্যাংকটির কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে বলা হয়েছে, দেশের ৬৪ জেলায় গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস ও ৪০টি জোনাল অফিস রয়েছে। ২০২৬ সালের অক্টোবরের তথ্য অনুযায়ী, ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। কার্যক্রম বিস্তৃত রয়েছে দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে।

ব্যাংকটির সদস্যদের কাছে ঋণ হিসেবে রয়েছে প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে জমা ও ট্রেজারি বিলে বিনিয়োগ রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

ব্যাংক কর্তৃপক্ষের আশঙ্কা, এভাবে হামলা অব্যাহত থাকলে শুধু অবকাঠামো ও সম্পদের ক্ষতিই নয়, দেশের কোটি মানুষের সঞ্চয়, ঋণ কার্যক্রম, জীবিকা ও আর্থিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এনএনবাংলা/