নভেম্বরের বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ, দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দিনভর ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বাইরে বের হওয়া ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির কারণে যানবাহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শুক্রবার ও শনিবার দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারীদের পড়তে হয় বেশি বিপাকে। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

ছবি: শামীম আহমেদ
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শনিবারও আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ছবি: শামীম আহমেদ
উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’
এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এনএনবাংলা/

