সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি

ছবি: দ্য ইরাবতী

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়ানোর দাবি উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শুধু আইনি রায় নয়, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গত বৃহস্পতিবার দেওয়া রায়ে আইসিজে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির কথাও বলেছেন আদালত। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো।

ব্রিটিশভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (বিআরওইউকে) সভাপতি তুন খিন সংবাদমাধ্যম দ্য ইরাবতীকে বলেন, বিশ্ব যখন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন এই রায় জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধাক্কা। তার সংগঠন যুক্তরাজ্যকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে। এ বৈঠকের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাও দেখছেন তিনি।

তবে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের মিত্র রাশিয়া ও চীন কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে পারে। যদিও রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই, বাস্তবায়নে আইসিজের নিজস্ব কোনো প্রয়োগকারী ব্যবস্থা নেই।

শরণার্থী নারী ও শান্তি ও ন্যায়বিচারবিষয়ক সংগঠনের নির্বাহী পরিচালক লাকি করিমের মতে, রায়ের পর আসিয়ানভুক্ত দেশগুলোর উচিত মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখা। একই সঙ্গে জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে কোনো দেশ যেন আর আতিথ্য না দেয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি।

রায়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও তুরস্ক। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারও (এনইউজি) এ রায়কে স্বাগত জানিয়েছে। অন্যদিকে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে এবং নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে।

তবে মিয়ানমারের সামরিক জান্তা রায় প্রত্যাখ্যান করেছে। শুক্রবার জান্তা সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। রায় সর্বসম্মত নয় উল্লেখ করে তিনি একে ন্যায়সংগত নয় বলে দাবি করেন। উল্লেখ্য, আইসিজে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় দেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও উদ্বেগ রয়েছে। তুন খিনের মতে, মিয়ানমারের সামরিক জান্তা ও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নীতির কারণে রাখাইনে ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি। রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে।

২০১৯ সালে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। সাত বছর পর এ মামলার চূড়ান্ত রায় এলো।

এদিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে জান্তার বিরুদ্ধে হত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অব্যাহত রয়েছে। রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী সংগঠন এএপিপির তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে ৮ হাজার ৬০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত এবং ৩২ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

রোহিঙ্গাদের ন্যায়বিচার, নাগরিকত্ব ও মানবাধিকারের স্বীকৃতি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনইউজি বলেছে, শুধু রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নয়, মিয়ানমারজুড়ে বেসামরিক মানুষের ওপর জান্তার চলমান সহিংসতা বন্ধেও আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।

সূত্র: দ্য ইরাবতী

এনএনবাংলা/