সাম্প্রতিক
সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’ রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি রেকর্ড ১১৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

বৈশাখী টিভির ভেতরে ‘দোসর’ আছে, বিশৃঙ্খলায় পুলিশ হেফাজতে ডিএমডি

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বৈশাখী টেলিভিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ টিপু আলম মিলনকে কার্যালয় থেকে বের করে নিয়ে যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ঘটনার সূত্রপাত বৈশাখী টিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর ভাষ্য, শনিবার ডিএমডি টিপু আলম মিলন নাহিয়ানকে চাকরি ছেড়ে দিতে বলেন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর দাবি, টিপু আলম মিলন বিএনপিমনা সাংবাদিকদের চাকরি ছাড়তে চাপ দিচ্ছিলেন। এ খবর পেয়েই তারা টেলিভিশন কার্যালয়ের সামনে যান।

মিশু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে টিপু অফিসে আসতেন না। তবে শনিবার আওয়ামী লীগের নেত্রী আসবেন—এমন ধারণা থেকে তিনি অফিসে এসেছেন বলে মনে করছেন তারা। এদিন বিএনপিমনা কর্মীদের জোর করে পদত্যাগ করতে বলা হয়। টিপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলার আসামি ওই প্রতিষ্ঠানে অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

মিশুর ভাষ্য, তারা টিপুকে থানায় গিয়ে মামলার বিষয়ে কথা বলার প্রস্তাব দিয়েছিলেন। পুলিশ আসতে দেরি হওয়ায় এর মধ্যে টিপুর লোকজন তাদের পাঁচজনকে মারধর করে রক্তাক্ত করেন। পরে পুলিশ এসে টিপুকে নিয়ে যায়। তবে কার্যালয়ে হামলা বা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

অন্যদিকে, হোসাইন মোহাম্মদ নাহিয়ান জানান, প্রায় ১৭ মাস ধরে তিনি বৈশাখী টিভিতে কাজ করছেন। শনিবার টিপু আলম মিলন তাকে চাকরি ছেড়ে দিতে বলেন। জবাবে তিনি নিজের কোনো অপরাধ নেই জানিয়ে তিন মাসের বেতন দিয়ে বিদায় করার অনুরোধ করেন।

নাহিয়ান বলেন, পরে মানবসম্পদ (এইচআর) বিভাগের প্রধানের কক্ষে কাগজপত্র ও পাওনা বুঝে নিতে বসেছিলেন তিনি। এ সময় খবর পান, লোকজন এসে ডিএমডিকে নিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটায় অনেকে ধারণা করেছেন, তিনিই লোকজন ডেকে এনেছেন।

তিনি বলেন, কাউকে ফোন করলেও এত মানুষের সেখানে আসতে দুই থেকে তিন ঘণ্টা লাগার কথা। ডিএমডিও তাকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন এবং মারধর করেন। পরে পুলিশ এসে বিষয়টি বুঝিয়ে বললে টিপু তার কাছে দুঃখ প্রকাশ করেন।

তবে বিএনপির নেতাকর্মীদের ডেকে আনার অভিযোগ অস্বীকার করে নাহিয়ান বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং সেখানে আসা ব্যক্তিদের কাউকেই চেনেন না। চাকরিচ্যুতির সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসের বেতন নিয়ে চলে যাওয়ার কথা ছিল তার। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

নাহিয়ানের দাবি, ঘটনাস্থলে দুই পক্ষের লোকজনই একে অপরকে মারধর করেছেন। টিপু আলম মিলনকে পুলিশ নিয়ে যাওয়ার পর তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত বহাল না থাকলেও তিনি আর বৈশাখী টিভিতে কাজ করতে চান না।

এদিকে, বিকেল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেসবুক পেজ থেকে প্রতিষ্ঠানটিতে ‘মব’ ও ভাঙচুরের অভিযোগ তুলে একটি লাইভ প্রচার করা হয়। প্রায় সোয়া চার মিনিটের ওই লাইভে একজনকে কার্যালয়ের ভেতরে ভাঙচুর করতে দেখা গেছে বলে দাবি করা হয়। তবে লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি।

ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে মিশু বলেন, তাদের কাছে ঘটনার ছবি ও ভিডিও রয়েছে। বরং বৈশাখী টিভির কর্মীরাই শাটার বন্ধ করে তাদের পাঁচজনকে মারধর করেছেন। এ ছাড়া ঘটনাস্থলে থাকা সিয়াম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর দাবি, বৈশাখী টিভির লোকজনের মারধরে তাদের একজন আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিয়াম আরও বলেন, কার্যালয়ে কোনো ভাঙচুর করা হয়নি। সর্বোচ্চ একটি চেয়ার ভেঙেছে, সেটিও তাদের এক কর্মীকে মারধরের সময় ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। ভাঙচুরের অভিযোগের প্রমাণ হিসেবে বৈশাখী টিভি কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান তিনি।

ঘটনাস্থলে অর্ধশতাধিক মানুষকে অবস্থান করতে দেখা যায়। এ সময় তাদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার বিষয়ে বৈশাখী টিভি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এনএনবাংলা/