মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ‘মজুরি বোর্ড’

নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষ আগামী ২৩ নভেম্বরের সভায় প্রস্তাব দেবে বলে আশা করছে ন্যূনতম মজুরি বোর্ড। তবে নির্ধারিত সভায় মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে বোর্ড আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। মালিকপক্ষ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে মজুরি বোর্ডের একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় এবং কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন প্রতিনিধিদলের সদস্যরা।
পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিক উভয় পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শ্রমিকদের প্রত্যাশা, পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সক্ষমতা ও সুবিধা-অসুবিধাও পর্যালোচনা করা হচ্ছে।
বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং মালিকপক্ষের অসহযোগিতা নিয়ে তৈরি হওয়া আশঙ্কার বিষয়ে তিনি বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল। বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
নতুন মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছয় মাস সময় রয়েছে। তবে মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে একমত হয়েছেন। সবার প্রত্যাশা, আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।
এনএনবাংলা/


