স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

হৃদ্যন্ত্রে রিং পরানো ও বেলুনিং শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) থেকে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর কন্টিনেন্টাল হসপিটাল পিএলসির সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।
কন্টিনেন্টাল হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান মন্ত্রীর কেবিনে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার অবস্থার এমন উন্নতি অব্যাহত থাকলে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে কন্টিনেন্টাল হসপিটালে তার চিকিৎসা করা হয়। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয় এবং অপরটিতে বেলুনিং করা হয়। প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এনএনবাংলা/ইএস

