গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করা হয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে সরকারের এ উদ্যোগ এলো।
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে গার্মেন্টস শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগের কথা জানানো হয়।
‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী গঠিত এ বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।
এ ছাড়া বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠনের এ ঘোষণা দেওয়া হয়েছিল।
এনএনবাংলা/
