সাম্প্রতিক
Skip to content

হুথি হামলার প্রভাব, বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

ছবি: নিউ নেশন অনলাইন

মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অবরোধের আশঙ্কা তেলের বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার, যা ৩ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে, একই দিনে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামে তেল
বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের এমন উচ্চমূল্য সর্বশেষ দেখা গিয়েছিল গত ২৯ এপ্রিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।

বিশ্লেষকদের হিসাবে, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও অঞ্চলটির জ্বালানি সরবরাহের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় মধ্যপ্রাচ্যে যেকোনো নিরাপত্তা সংকটের প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়তে পারে।

তেলের দাম বাড়ায় চাঙা জ্বালানি খাত
বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে একই দিন যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে।

এনএনবাংলা/