সাম্প্রতিক
Skip to content

ট্রাকভাড়া বৃদ্ধির অজুহাতে এবার বাড়ল চালের দাম

ছবি: সংগৃহীত

ট্রাকভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধির কথা বলে চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে আটাশ, মিনিকেট ও পাইজাম চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে মোটা চালের দাম আগের মতোই রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আটাশ চাল প্রতি কেজি ৬৩ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই চালের দাম ছিল ৬২ থেকে ৬৩ টাকা। মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৭৩ টাকা। অন্যদিকে, পাইজাম চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৬০ টাকায় দাঁড়িয়েছে। তবে গুটি স্বর্ণাসহ অন্যান্য মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। এসব চাল প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাল পরিবহনে ট্রাকভাড়া বেড়েছে। একই সঙ্গে ধানের দাম বৃদ্ধি ও মৌসুমি প্রভাবও চালের বাজারে পড়েছে। এসব কারণে বিভিন্ন ধরনের চালের দাম বাড়াতে হয়েছে বলে জানান তারা।

মহাখালী বাজারের চাল ব্যবসায়ী শামীম বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কয়েক ধরনের চালের প্রতি বস্তায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

ছবি: সংগৃহীত

একই বাজারের আরেক চাল ব্যবসায়ী বলেন, গত সপ্তাহের তুলনায় কয়েক ধরনের চালের দাম বেড়েছে। এখন মিল থেকে আগের চেয়ে বেশি দামে চাল কিনতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাকভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধি। ফলে বেশি দামে চাল কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে সব ধরনের চালের দাম বাড়েনি, মোটা চালের দাম আগের মতোই রয়েছে।

এদিকে, চালের দাম বাড়ায় বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। কারওয়ান বাজারে চাল কিনতে এসে বেসরকারি চাকরিজীবী মামুন বলেন, গত সপ্তাহের তুলনায় কয়েক ধরনের চালের দাম বেড়েছে। এতে সংসারের বাজার খরচও বেড়ে গেছে। আগে যে পরিমাণ চাল কিনতে যে টাকা লাগত, এখন একই পরিমাণ চাল কিনতে বেশি টাকা খরচ হচ্ছে। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা দরকার।

এনএনবাংলা/