সাম্প্রতিক
Skip to content

সোনালী ব্যাংকের সব সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে

ফাইল ছবি

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা পর্যন্ত ব্যাংকটির নিয়মিত কার্যক্রম ও সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকিং লেনদেন করতে গিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে। এ কার্যক্রম বৃহস্পতিবার রাত ১১টায় শুরু হয়ে শনিবার রাত ১১টায় শেষ হওয়ার কথা রয়েছে। আপগ্রেডেশন চলাকালে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ভোগান্তি এড়াতে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং কাজ ও লেনদেন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, একই ধরনের প্রযুক্তিগত কারণে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংককেও ডিজিটালসহ সব ধরনের লেনদেন ৮৪ ঘণ্টা বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির কার্যক্রম বন্ধ থাকবে।

এনএনবাংলা/