সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজার ছুটিতে টানা সাত দিন বন্ধ থাকছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত পত্রে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, নির্ধারিত ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত এ ছুটিতে টানা সাত দিন বন্ধ থাকবে দুই দেশের পণ্য বাণিজ্য। তবে বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমস কার্যক্রম প্রথম তিন দিন চালু থাকায় সংশ্লিষ্ট কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না।
এনএনবাংলা/এফএস
