একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্টে ব্যবহার করলে বিপদ কতটা?

একটি পাসওয়ার্ড মনে রাখলেই ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্ট চালানো যায়—বিষয়টি বেশ সুবিধাজনক মনে হতে পারে। কিন্তু এই সুবিধাই একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাকে বড় ঝুঁকি হিসেবে দেখা হয়। কোনো একটি ওয়েবসাইট বা অনলাইন সেবা থেকে ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস হলে হ্যাকাররা সেই তথ্য অন্য বিভিন্ন ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে দেখতে পারে। এই ধরনের আক্রমণকে বলা হয় ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’।
একই পাসওয়ার্ড ব্যবহারে কী ধরনের বিপদ হতে পারে?
- একটি অ্যাকাউন্ট হ্যাক হলে একই পাসওয়ার্ড ব্যবহার করা অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়ে। এর ফলে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কেনাকাটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে।
- এ ছাড়া ব্যক্তিগত ছবি, বার্তা, নথি ও যোগাযোগের তথ্য চুরি হতে পারে। ব্যাংকিং ও অন্যান্য আর্থিক তথ্যও ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে পরিচয় চুরি, ফিশিং ও অনলাইন প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।
- হ্যাকাররা একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাওয়ার পর একই তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করতে পারে। এমনকি ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহৃত একই পাসওয়ার্ড অফিসের অ্যাকাউন্টেও থাকলে ব্যক্তিগত অ্যাকাউন্ট ফাঁসের মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যও ঝুঁকিতে পড়তে পারে। আপনার পরিচয় ব্যবহার করে অন্য কেউ প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর আশঙ্কাও থাকে।
একটি পাসওয়ার্ড থেকেই ‘ডমিনো ইফেক্ট’
- ধরুন, কোনো একটি ওয়েবসাইট থেকে আপনার লগইন তথ্য ফাঁস হলো। সেই একই পাসওয়ার্ড যদি ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টেও ব্যবহার করা হয়, তাহলে একটি তথ্য ফাঁস থেকেই শুরু হতে পারে ‘ডমিনো ইফেক্ট’। একে একে ঝুঁকিতে পড়তে পারে আপনার ডিজিটাল জীবনের গুরুত্বপূর্ণ দরজাগুলো।
- বিশেষ করে ই-মেইল অ্যাকাউন্ট আক্রান্ত হলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। কারণ অনেক অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন বা পুনরুদ্ধারের জন্য ই-মেইল ব্যবহার করা হয়। ফলে একটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর পর অন্য অ্যাকাউন্টগুলোর দখল নেওয়ার সুযোগও তৈরি হতে পারে।
ফিশিংয়েও বাড়ে ঝুঁকি
- ফিশিং প্রতারণার ক্ষেত্রেও একই পাসওয়ার্ড ব্যবহার বিপদ বাড়ায়। ভুয়া ওয়েবসাইট, বার্তা বা ই-মেইলের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে। এরপর সেই তথ্য দিয়ে অন্য অ্যাকাউন্টেও প্রবেশের চেষ্টা করা হয়।
- ফলে একটি অসতর্ক ক্লিক বা ভুল ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়ার ঘটনাও বড় ধরনের নিরাপত্তা সমস্যার কারণ হতে পারে।
কর্মক্ষেত্রেও পড়তে পারে প্রভাব
- একই পাসওয়ার্ড ব্যবহারের ঝুঁকি শুধু ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত ও অফিসের অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে ব্যক্তিগত অ্যাকাউন্ট ফাঁসের মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যও ঝুঁকিতে পড়তে পারে।
- বিশেষ করে দূর থেকে কাজ করা কর্মী ও ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত অ্যাকাউন্টের নিরাপত্তা আলাদাভাবে নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
নিরাপদ থাকতে যা করবেন
- প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড যতটা সম্ভব দীর্ঘ এবং অনুমান করা কঠিন হওয়া উচিত। সব পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমাতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।
- গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দুই স্তরের যাচাইকরণ বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন। সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। কোনো অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে জানতে পারলে দ্রুত সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং একই পাসওয়ার্ড অন্য কোথাও ব্যবহার করা হয়ে থাকলে সেগুলোও বদলে ফেলুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি পাসওয়ার্ড যেন আপনার সব অ্যাকাউন্টের ‘মাস্টার চাবি’ না হয়ে যায়। কয়েকটি আলাদা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা সামান্য, কিন্তু একটি পাসওয়ার্ড ফাঁস হয়ে একাধিক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি অনেক বড়।
এনএনবাংলা/

