ইউটিউবের ভিউ গণনায় আসছে পরিবর্তন, ভিডিও চালু হলেই যোগ হবে ভিউ

আগামী ২৪ আগস্ট থেকে ইউটিউব ভিডিওর ‘ভিউ’ গণনার নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মে কোনো ভিডিওর প্রথম ফ্রেম প্লে হওয়া মাত্রই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ দর্শক ভিডিও চালু করে দেখা শুরু করলেই ভিউ যোগ হবে। এর ফলে ভিডিওর লাইভ ভিউ কাউন্ট আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। একই নিয়ম লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে—কোনো দর্শক লাইভে প্রবেশ করলেই তা ভিউ হিসেবে গণনা হবে।
এতদিন ইউটিউব মূল ভিডিওর ভিউ গণনার সঠিক পদ্ধতি প্রকাশ করেনি। তবে সাধারণভাবে ধারণা ছিল, কোনো ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখার পর সেটি একটি ভিউ হিসেবে গণনা করা হয়।
ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিন্ন ভিন্ন ভিউ গণনা পদ্ধতি ব্যবহারের কারণে নির্মাতাদের মধ্যে মেট্রিক নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। নতুন নিয়মের মাধ্যমে এই পার্থক্য কমানো এবং নির্মাতাদের ভিডিওর প্রকৃত ‘রিচ’ বা কতজন দর্শকের কাছে ভিডিও পৌঁছাচ্ছে, তা আরও সহজে বোঝানোই পরিবর্তনের মূল উদ্দেশ্য। ইউটিউব শর্টসের ক্ষেত্রে একই ধরনের ভিউ গণনা পদ্ধতি গত বছর থেকেই চালু রয়েছে।
টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও প্লে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ গণনা করা হয়। ফলে নতুন নিয়ম কার্যকর হলে ইউটিউবের দীর্ঘ ভিডিওর ভিউ মেট্রিকও এসব প্ল্যাটফর্মের প্রচলিত হিসাব পদ্ধতির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
নতুন নিয়ম চালু হওয়ার পর ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। বিশেষ করে কোনো দর্শক ভিডিও চালু করার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বন্ধ করে দিলে, ওই স্বল্প সময়ের প্লেব্যাকও ভিউ হিসেবে যুক্ত হবে। তবে এতে ভিউ কাউন্ট বাড়লেও দর্শকের ওই স্বল্প সময়ের দেখা ভিডিওর ওয়াচটাইমে যোগ হবে না।
তবে ইউটিউব তাদের প্রচলিত ভিউ গণনার পদ্ধতি পুরোপুরি বাতিল করছে না। ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স মেন্যুতে আগের ভিউ গণনার পদ্ধতিকে ‘এংগেজড ভিউ’ নামে বহাল রাখা হবে। এর মাধ্যমে নির্মাতারা বুঝতে পারবেন, ভিডিও শুরু হওয়ার পর কতজন দর্শক সেটি দেখার জন্য আরও কিছুক্ষণ থেকে গেছেন। অর্থাৎ প্রকাশ্য ভিউ সংখ্যা মূলত ভিডিওর প্রাথমিক রিচ বোঝাবে, আর এংগেজড ভিউ দর্শকের প্রকৃত আগ্রহ ও দেখার প্রবণতা বিশ্লেষণে বেশি কার্যকর হবে।
নতুন নিয়ম নিয়ে ভিউ সংখ্যা কৃত্রিমভাবে বেড়ে যাওয়া এবং এর ফলে ভিডিওর জনপ্রিয়তা মূল্যায়নে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্বয়ংক্রিয় প্লে, ভিউ বট বা ভুয়া ট্রাফিকের মাধ্যমে ভিউ বাড়ানোর সম্ভাবনা নিয়ে কনটেন্ট নির্মাতা ও সাধারণ দর্শকদের মধ্যে সামাজিক মাধ্যমে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ইউটিউবের ঘোষণায় পরিবর্তনটিকে মূলত মেট্রিকের সামঞ্জস্য আনা এবং নির্মাতাদের বিভ্রান্তি কমানোর উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে।
ইউটিউব আরও জানিয়েছে, নতুন ভিউ গণনা পদ্ধতি নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মনিটাইজেশন যোগ্যতায় সরাসরি কোনো পরিবর্তন আনবে না। ফলে প্রকাশ্য ভিউ সংখ্যা দ্রুত বাড়লেও আয় ও মনিটাইজেশনের ক্ষেত্রে বিদ্যমান নিয়মই কার্যকর থাকবে।
এনএনবাংলা/

