সাম্প্রতিক
Skip to content

মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ আটক ৪৭২

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যৌথ অভিযানে ৪৭২ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় বড় ধরনের যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

ইমিগ্রেশন বিভাগের ২১৮ জন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার মোট ৩৩৭ সদস্য এ যৌথ অভিযানে অংশ নেন। অভিযানে আটক ৪৭২ জনের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, চীন, সৌদি আরব ও জিম্বাবুয়ের নাগরিক। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং অস্বীকৃত বা সন্দেহজনক কাগজপত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তদন্ত চলছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। তবে অভিযানের সময় যাদের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র পাওয়া গেছে, তাদের ছেড়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা ও ভ্রমণের উদ্দেশ্যে লেবুহ পুদু এলাকায় জড়ো হয়েছিলেন এসব বিদেশি। এলাকাটিতে বিদেশিদের অতিরিক্ত উপস্থিতি এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হওয়ার অভিযোগের ভিত্তিতে এ সমন্বিত অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারী ও ভিসার মেয়াদ উত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তাদের আশ্রয়দাতা ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যেতে সরকার ঘোষিত ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’-এর সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএনবাংলা/