সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপির শাহ আলী থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর অপরাহ্নে ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। একই সঙ্গে হামলা ও ভাঙচুরের পর স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় প্রথম দফায় চারজনকে গ্রেপ্তার করা হয়। শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় হানিফ মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করেছে, মুখোশ পরিহিত আড়াই শতাধিক দুষ্কৃতকারী নিরাপত্তাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ক্লিনিক চত্বরে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা ক্লিনিকের ভেতরে থাকা আধুনিক চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধপত্র, সরকারের সংরক্ষিত টিকাদান সামগ্রী, ক্যাশে থাকা নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে তারা ভারী বুলডোজার ও যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন এক রাতেই সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেয়, যাতে আনুমানিক প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এরপর দুষ্কৃতকারীরা ক্লিনিকের দখল করা জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। ঘটনার পরদিন শুক্রবার ক্লিনিকের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে হানিফ মিয়া নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতপরিচয় প্রায় ২৫০ জনের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা দায়ের করেন।

এনএনবাংলা/এফএস