সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪

ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন রিসোর্টে নিয়মিত এ ধরনের ডিজে পার্টির আড়ালে মাদক বিক্রি হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগ। ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আয়োজন করে আড়ালে মাদক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির (বিলুপ্ত র‌্যাব) সদস্যরা। শুক্রবার রাতে ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সনিক প্লাস’ ব্যানারে আয়োজিত ওই পার্টিতে প্রায় ৬০০ জন অংশ নেওয়ার কথা ছিল। তাদের বেশির ভাগই কিশোর-কিশোরী। অংশগ্রহণকারীদের মাদক সরবরাহের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কোকেন, কুশ ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান (২৯), তুষার আহমেদ (৩২), মহিদুল ইসলাম (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)। তাদের বিরুদ্ধে শনিবার পূবাইল থানায় মাদক আইনে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, টিকিট ৬–১২ হাজার টাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও গোপন অনলাইন গ্রুপের মাধ্যমে এসব পার্টির প্রচার চালিয়ে অংশগ্রহণকারীদের যুক্ত করা হয়। জনপ্রতি ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত টিকিট নেওয়া হয়। অনুষ্ঠান চলাকালে নির্ধারিত মাদক সরবরাহকারীরা অংশগ্রহণকারীদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন রিসোর্টে নিয়মিত এ ধরনের ডিজে পার্টি আয়োজনের তথ্যও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব আয়োজনের সঙ্গে জড়িত একাধিক গ্রুপকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের পূবাইলের ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ ডিজে পার্টির আয়োজনে অভিযান চালিয়ে মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান জানান, বিনোদনমূলক পার্টি, ডিজে ইভেন্ট ও ব্যক্তিগত আয়োজনকে মাদক সরবরাহ ও সেবনের সুযোগ হিসেবে ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ এবং মাদক সরবরাহের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত এপ্রিলেও গাজীপুরের একটি রিসোর্টে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে এক্সটেসি, কুশ, ক্যানাবিস চকলেট, বিয়ার ও ভদকাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছিল।

এদিকে, ডিজে পার্টির আড়ালে মাদক বিক্রির আয়োজন ঠেকাতে গাজীপুরের রিসোর্ট মালিকদের সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ধরনের আয়োজনের জন্য রিসোর্ট ভাড়া না দিতে কর্তৃপক্ষগুলোকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

এনএনবাংলা/