বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তায় দুই দেশের সহযোগিতা জোরদার করাই এই সমঝোতার লক্ষ্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এমওইউতে সই করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেহান আসাদ।
সমঝোতা অনুযায়ী, দুই দেশ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সর্বোচ্চ মানের পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নীতি অনুসরণ করবে। জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক শক্তির সম্ভাব্য ভূমিকার বিষয়টিও এতে স্বীকার করা হয়েছে।
দুই দেশই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রটোকল কার্যকর রেখেছে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধসংক্রান্ত চুক্তি (এনপিটি) স্বাক্ষরকারী দেশ।
দীর্ঘমেয়াদে জ্বালানির উৎস বাড়ানো ও বৈচিত্র্য আনার উদ্যোগের অংশ হিসেবে এই সমঝোতা হলো। বাংলাদেশ এরই মধ্যে রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এর আগে মে মাসে জ্বালানি খাতে বৃহত্তর সহযোগিতা বাড়াতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি এমওইউ সই করেছিল বাংলাদেশ। তবে নতুন সমঝোতার মূল লক্ষ্য সাধারণ জ্বালানি বাণিজ্য নয়, বরং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও সহযোগিতা সম্প্রসারণ।
এনএনবাংলা/
