হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছে তেহরান।
ইরানের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইরান ও লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে হবে। এরপর যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার, তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা সম্পদের একটি অংশ মুক্ত করার শর্ত দেওয়া হয়েছে। এসব শর্ত পূরণ হলে সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এরপর পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হওয়ার কথা বিস্তৃত শান্তি আলোচনা।
আরাঘচি জানান, নতুন প্রস্তাবটি গত ১৭ জুনের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সংক্ষিপ্ত সংস্করণ। তবে আগের সমঝোতায় হরমুজ দিয়ে জাহাজ চলাচল ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখার কথা থাকলেও নতুন প্রস্তাবে সময়সীমা কমিয়ে সাত দিন করা হয়েছে।
তবে ট্রাম্প সরাসরি এই প্রস্তাব নাকচ করে বলেছেন, ইরান দ্রুত চুক্তি করে হরমুজ খুলে দিতে চাইছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা দীর্ঘ ও কঠিন আলোচনার মাধ্যমেই হতে হবে।
এদিকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন শর্তে দুই দেশের অবস্থান এখনো ভিন্ন।
এনএনবাংলা/
