পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগ করেন।
তবে তার পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বিষয়টি ‘সময়ের আলো’কে নিশ্চিত করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরপরই তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এদিকে, গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
এনএনবাংলা/এফএস
