দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আগামি ১৮ সেপ্টেম্বর দিল্লীতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দিল্লী ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা এতে অংশ নেবেন। কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এতে উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আলোচনায় নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।’
তবে ইউরোপে অবস্থানরত দলের এক সাংগঠনিক সম্পাদক জানান, বৈঠকে মূলত দলের সাংগঠনিক পরিস্থিতি এবং শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তার ভাষ্য, দিল্লিতে শেখ হাসিনা নেতাদের কাছ থেকে দলের সাংগঠনিক পরিস্থিতি, তার দেশে ফেরার বিষয়ে মতামত ও পরামর্শ শুনবেন।
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটির কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রথমবারের মতো একসঙ্গে বসতে যাচ্ছেন। এ ছাড়া প্রায় নিয়মিত তাদের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়ালি সভা হচ্ছে।
সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সংবাদ মাধ্যমকে বলেন, ‘নেত্রী অনেককে ডেকেছেন। বিস্তারিত কিছু বলা হয়নি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। যাদের অনেকে দেশে, অনেকে বিদেশে। আত্মগোপনে থেকে নানাভাবে সক্রিয় নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছেন। কারাবন্দী অনেকে জামিনে ছাড়া পাচ্ছেন। তবে এর মধ্যেই পুলিশের গ্রেপ্তার অভিযানও চলছে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নিয়মিত নতুন কমিটি দেয়া হচ্ছে। এতে ৫ আগস্টের পর সক্রিয় ও নির্যাতিতদের মূল্যায়ন করা হচ্ছে। বাদ যাচ্ছেন নীরব থাকা অনেকে।
এনএনবাংলা/এফএস
