৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট

সাইবার অপরাধ দমন ও ডিজিটাল নিরাপত্তা জোরদারে ৪ হাজার ৫৯২ জনবলের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে ইউনিটটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
থাকবেন প্রযুক্তি ও সাইবার বিশেষজ্ঞ
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউনিটটিতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ও ডিজাস্টার রিকভারি এক্সপার্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ নিয়োগের সুযোগ থাকবে। এসব বিশেষজ্ঞকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে এবং তাদের জন্য আলাদা বেতন কাঠামোর ব্যবস্থা থাকবে।
নেতৃত্বে অতিরিক্ত আইজিপি
ইউনিটটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন একজন অতিরিক্ত আইজিপি। বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। থানায় ইউনিটটির জন্য আলাদা এসআই, এএসআই ও কনস্টেবল থাকবে।
ধাপে ধাপে পূর্ণ হবে জনবল
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্গানোগ্রাম অনুযায়ী ইউনিটটির জনবল ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করা হয়েছে। শুরুতে বিদ্যমান পুলিশ সদস্যদের মধ্য থেকে প্রয়োজনীয় জনবল দেওয়া হবে। পরে নতুন নিয়োগের মাধ্যমে ইউনিটটির পূর্ণাঙ্গ জনবল গঠন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
সাইবার আইন আধুনিকায়নের উদ্যোগ
সাইবার সিকিউরিটি আইন আরও আধুনিকায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন আইনে সাইবার অপরাধগুলো আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করার পাশাপাশি আইনের অপপ্রয়োগে নিরপরাধ ব্যক্তির হয়রানি ঠেকানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, আগে সাইবার অপরাধ মোকাবিলায় বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে কাজ করা হতো। নতুন ইউনিটের মাধ্যমে এসব কার্যক্রমকে একটি সংগঠিত কাঠামোর আওতায় আনা হবে।
এনএনবাংলা/
