নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে পুলিশ।
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেছেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছিলেন, সরকার তাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।
তার ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই ঘটাচ্ছে, নাকি এর সঙ্গে অন্য কেউও জড়িত রয়েছে।
জবাবে যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী কেন এমন বক্তব্য দিয়েছেন, তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানা প্রয়োজন। তার ভাষ্য, ‘আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’
নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
এর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে তৈরি করা ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধার করে শ্যামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএনবাংলা/
