সাম্প্রতিক
Skip to content

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেনো অবৈধ নয়: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানতে চেয়েছেন, অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদকের পক্ষ থেকে দেওয়া বক্তব্যসংবলিত প্রেস ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষ হওয়ার পর পুনরায় শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

জানা যায়, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক পৃথক দুটি প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।

এনএনবাংলা/এনজেড