ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই টিউবওয়েল, রোগীদের ভোগান্তি
ডামুড্যা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো টিউবওয়েল। রোগীদের খাবারের পানি আনতে যেতে হয় মসজিদের টিউবওয়েলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারের পানি আনার জন্য ভিড় লেগে গেছে মসজিদের টিউবয়েলের সামনে। নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন খাবার পানি নেওয়ার জন্য।
ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যার বেডে উন্নতি হয়েছে। কিন্তু খাবারের পানির জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা নেই। রোগীদের খাবারের পানি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। অনেক সময় মহিলাদেরও খাবারের পানি আনতে যেতে হয় কিন্তু দেখা যায় মসজিদের টিউবওয়েলে মুসল্লিরা অজু করছেন। পানির জন্য দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন রোগী সাজেদা বেগম। তিনি বলেন, আমার ছোট বাচ্চা নিয়ে ভর্তি হয়েছি। বাচ্চা রেখে পানি আনতে হয় অনেক দূর থেকে। গিয়েও দাঁড়িয়ে থাকতে হয়, তখন টেনশন করি বাচ্চার কী হলো। পানি কিনে খাচ্ছি, মসজিদের যেতে পারি না, লোকজন বেশি। দুইবার গিয়েছিলাম, দেখি মুসল্লিরা অজু করছেন।
আবুল মাঝি বলেন, দুইদিন হয় ভর্তি হয়েছি কিন্তু পানির যে কী সমস্যা, সে আর কী বলবো। অনেক সময় মসজিদের কল থেকে পানি আনতে গেলে দাঁড়িয়ে থাকতে হয়। আবু জাহের মোল্লা নামের আরেক রোগী বলেন, রোগীদের বেশির ভাগেরই পানি নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু হাসপাতালে কোন টিউবওয়েল নেই। রোগীদের পোশাক, চাদর পরিষ্কারের জন্য পানির প্রয়োজন হয় অথচ হাসপাতালের মূল গেটের সামনেই নদীর ঘাট ছিল, সেই ঘাটটিও দোকান উঠিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।। এখন হাসপাতালে প্রতিদিনই পানির সমস্যা হচ্ছে। দূর-দূরান্ত থেকে রোগীরা আসেন এবং তাদেরকে দেখতে আসা আত্মীয়-স্বজনরাও পানির সমস্যায় নাজেহাল হচ্ছেন।
আউটডোরে রোগীদের জন্য একটি ওয়াশরুম আছে কিন্তু সেটিও দুই মাসের বেশি সময় অপরিচ্ছন্ন। এই প্রতিবেদকের সাথে কথা হয় ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপারভাইজারের সাথে। তিনি জানান, হাসপাতালাটিতে আজও ৪৫ জন ভর্তি আছেন। পানির সমস্যা প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সটির আরএমও ডাঃ অভিজিৎ নাগ বলেন, অনেকদিন ধরে টিউবওয়েল নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে আলাপ করবো।
এনএনবাংলা/
