নওগাঁয় দুইদিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সকল রুটে দুই দিন বাস চলাচল বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের কয়েক দফা আলোচনা শেষে রাত সাড় ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিতভাবে মারধর করার অভিযোগ ওঠে সিএনজি চালকদের বিরুদ্ধে।
মারধরে গুরুতর আহত হন বাসচালক রুবেল হোসেন। তাকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসচালককে মারধরের ঘটনায় জড়িতদের বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিলে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় রয়েছে।
এনএনবাংলা/এফএস
