ধামইরহাটে একই দিনে দুইজনের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে পৃথক ঘটনায় একই দিনে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—উপজেলার আলমপুর ইউনিয়নের দাদনপুর খয়েরবাড়ি গ্রামের জিহাদ হোসেন বাদশার স্ত্রী কবিতা খানম (২০) এবং মঙ্গলবাড়ি ইউনিয়নের মঙ্গলবাড়ি মুকুন্দপুর এলাকার শামিনুর ইসলামের ছেলে আনান হোসেন (১৮)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কবিতা খানমের সঙ্গে প্রায় ছয় মাস আগে জিহাদ হোসেন বাদশার বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে কথাকাটাকাটি হতো। ঘটনার দিন বিকেলে ঘরের ভেতরে তীরের সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় জিহাদ।
অন্যদিকে, আনান হোসেনের মৃত্যুর আগে মায়ের সঙ্গে মোবাইল ফোন নিয়ে কথাকাটাকাটি হয়েছিল বলে জানা গেছে। এরপর বিকেলের দিকে পরিবারের লোকজন জানালার পর্দা গলায় ফাঁস দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্থানীয় ও পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এনএনবাংলা/ইএস
