এক্সপ্রেসওয়েতে বিকল বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী ‘পালকি পরিবহনের’ একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী ‘হানিফ পরিবহনের’ একটি বাস এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পালকি পরিবহনের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। পরে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
শিবচর হাইওয়ে থানার এসআই মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এনএনবাংলা/
