মৌসুমের শেষে চাঁদপুরে ইলিশের দাম বাড়ল কেজিতে ৩০০ টাকা

মৌসুমের শেষ দিকে চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শুক্রবার (২ অক্টোবর) চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা, ৭০০–৮০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ৪০০–৫০০ গ্রামের ইলিশ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে।
চাঁদপুর বড়স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের শুরু থেকেই ইলিশের সরবরাহ তুলনামূলক কম ছিল। গত মাসে সরবরাহ বাড়ায় দাম কেজিতে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় নেমেছিল। তবে কয়েক দিন ধরে সরবরাহ আবার কমে যাওয়ায় শুক্রবার মাত্র প্রায় ২৫০ মণ ইলিশ এসেছে, যা চাহিদার তুলনায় কম।
ব্যবসায়ীরা বলছেন, ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় সামনে সরবরাহ আরও কমতে পারে। সাগর থেকে অনেক জেলে ইতোমধ্যে ফিরতে শুরু করেছেন। ফলে শিগগির ইলিশের দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা।
জেলেরা জানান, চাঁদপুরের নদীতে এখন ইলিশের উপস্থিতি কম। মাছ কম ধরা পড়ায় সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে সরকারি নিষেধাজ্ঞা মেনে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরবেন না তারা।
জেলা মৎস্য কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময়ে বরফকল বন্ধ, নদীতে ড্রেজার চলাচল বন্ধ এবং বহিরাগত জেলেদের ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খালের মুখ বন্ধ, সড়কে চেকপোস্ট ও দ্রুত ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে।
এনএনবাংলা/
