শাহজালাল বিমানবন্দরে রাতে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও লাগেজ ডেলিভারি কার্যক্রম সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিমানবন্দরে যান তিনি।
পরিদর্শনকালে বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা কেমন—এ বিষয়ে যাত্রীদের কাছে জানতে চান মন্ত্রী।
এ সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।
যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
