বাংলামোটরে চাঁদা দাবি ও গুলির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা রিমান্ডে

রাজধানীর বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবির পর মারধর ও গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে রিমান্ডে নিয়েছে আদালত। সাইমনকে চার দিন এবং অপর তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য তিন আসামি হলেন—ওমর (৩২), মোর্শেদ (২৫) ও মো. শাওন (২৫)। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. নাসিম চার আসামির প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার বিভিন্ন তথ্য উদ্ধারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় মো. সোহানের পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাইমন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। চিকিৎসার জন্য যাওয়ার সময় আবার সোহানকে মারধরের চেষ্টা করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার ভগ্নিপতি মো. মোক্তার হোসেনকেও মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ওই সময় সাইমন পিস্তল দিয়ে পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে স্থানীয়রা কয়েকজনকে আটক করেন এবং পালানোর সময় সাইমনকেও আটক করা হয়। এ ঘটনায় সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় বিভিন্ন মাদক আইনের মামলাও রয়েছে।
এনএনবাংলা/
