লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক ইমরোজ খালিদী

দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিডিনিউজের এক জ্যেষ্ঠ সাংবাদিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকর্মীদের সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য কিছুদিন আগে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে সেখানে একটি হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাতে জানা গেছে।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে তার মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।
ডিজিটাল বাংলাদেশ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের ডিসেম্বরে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন তৌফিক ইমরোজ খালিদী।
এনএনবাংলা/
