সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক মের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।
বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ আজ রাত ৮টার দিকে জানান , ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’
তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি কিছু দিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ সময় ৭টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেছেন চিকিৎসকরা।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লন্ডনভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক পদে কাজ করেন।
খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
এনএনবাংলা/এনজেড
