দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, শিগগিরই রাশ টানা হবে: চিফ হুইপ

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকের অনিয়ন্ত্রিত ব্যবহার দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সরকার শিগগিরই কঠোর পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)তে আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি পুরোপুরি উচ্ছেদ করা হবে। কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। তারা অস্ত্র ও চাপাতি নিয়ে ঘুরবে না।
তিনি বলেন, আজকের কিশোর ও তরুণরাই আগামী দিনের কান্ডারী। কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলনের সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এর মাধ্যমে সরকার সবাইকে কঠোর ও কঠিন বার্তা দিচ্ছে। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চায়। ঘর থেকেই এর যাত্রা শুরু হয়েছে। ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করার কথাও জানান তিনি।
যেকোনো নেতিবাচক ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে এবং জনগণের কল্যাণে কাজ করছে। একটি ভঙ্গুর দেশ পেয়েছে উল্লেখ করে তিনি সরকারের কাজের সুফল পেতে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকার শক্তিশালী না হলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় সরকারেরই। দায় চাপানোর রাজনীতি সরকার করে না। বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে কুচক্রী মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ।
এনএনবাংলা/
