চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শিরোনামে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, আগামী দিনগুলোতে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য। সময়ের চাহিদা বিবেচনা করে ২০২৮ সাল থেকেও পাঠ্যসূচিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে নতুন বিষয়ও যোগ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন।
এছাড়াও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদ্বয়, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক এবং শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী পর্বে অংশ নেন। দেশজুড়ে বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এনএনবাংলা/ইএস
