মধ্যরাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘ঝলমল’

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ‘ঝলমল সিনেমা হল’। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সিনেমা হলের পাশাপাশি সংলগ্ন অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল এই ঝলমল সিনেমা হলটি, যা দীর্ঘদিন ধরে স্থানীয়দের বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই হলটিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান ও পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪টি ইউনিটের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এনএনবাংলা/ইএস
