দেড় মাসের ব্যবধানে খুলনায় বাবা-ছেলে খুন, আতঙ্কে মামলা করতে নারাজ পরিবার

একমাত্র ছেলেকে হারানোর শোক না কাটতেই এবার স্বামীকেও হারালেন নাসিমা বেগম। দেড় মাসের ব্যবধানে একই পরিবারের দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। প্রতিপক্ষের প্রাণনাশের ভয়ে এখন আর নতুন করে মামলা করতেও রাজি নন স্বজনেরা।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুলনার রূপসার দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনের রাস্তায় আক্তার ঢালীকে (৫৫) লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে, গত ১৫ আগস্ট একই গ্রামের শহীদের মোড়ে তার ছেলে জয় ঢালীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
নিহত আক্তার ঢালীর স্ত্রী নাসিমা বেগম বলেন, “ছেলে হত্যার আসামিরা জামিনে বেরিয়ে এসে ওর বাবাকে মেরে ফেলল। আমরা আর কোনো ঝামেলায় যেতে চাই না, মামলাও করব না।”
পরিবার সূত্রে জানা গেছে, ছেলে হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য আক্তার ঢালীকে হুমকি দিয়ে আসছিল। জীবননাশের আশঙ্কায় গত ২১ সেপ্টেম্বর রূপসা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। ঘটনার দিন বাড়ির সামনের বেঞ্চে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, দুটি হত্যাকাণ্ডের মধ্যেই সুস্পষ্ট যোগসূত্র রয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠী ‘বি কোম্পানি’ এতে জড়িত থাকতে পারে। আসামিদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে।
এনএনবাংলা/ইএস
